
ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পরিচালিত পৃথক বিশেষ মাদকবিরোধী অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম-এর নেতৃত্বে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. হুমায়ন কবির (৩১), মো. ইকরাম হোসেন (২৮) এবং মো. মোফাজ্জল ভূঁইয়া (৪৮)।
এদিকে, সাভারের মোগড়াকান্দা উত্তরপাড়া এলাকায় পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ আল মামুন (২৫)-কে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে সাভারের ভরালী বটতলা এলাকায় ৬০ পিস ইয়াবাসহ আরও তিন মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন— মো. রাজু মণ্ডল (২৩), মো. সুজন মিয়া (৩৮) এবং মো. চাঁন মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, মাদক ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Asian Barta