
ফাহাদ-ই-আজমঃ- মাদক, অস্ত্র, ডাকাতি, চুরি ও সংঘবদ্ধ অপরাধ দমনে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)-এর টানা গত ছয় মাসের বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাইসহ ঢাকা জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৬০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে কোটি টাকার মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, চোরাই যানবাহন, জাল টাকা এবং বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম।
ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, ছয় মাসে ২৫৯টি মাদক মামলা রুজু করা হয়। এসব মামলায় ৩৯৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ১৮ হাজার ৬৬৩ পিস ইয়াবা, ৬৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১ কেজি ২৭ গ্রাম হেরোইন, ১৫২ লিটার চোলাই মদ, ৩২ লিটার বিদেশি মদ, ৫৬০টি মরফিন ইনজেকশন, ৫৮০টি পেথিডিন ইনজেকশন, ১০ বোতল ফেনসিডিল, ৪ হাজার ৫৭০ পিস ট্যাপেনডাটল ট্যাবলেট, ১০ বোতল ফেয়ারডিল এবং মাদক বিক্রির ৫৮ হাজার ৮৫০ টাকা নগদ অর্থ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ২০ হাজার ১০০ টাকা।এছাড়া পৃথক অভিযানে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি, বিপুল সংখ্যক দেশীয় ধারালো অস্ত্র, একটি হাইএস মাইক্রোবাস, একটি পাঁচ টনের ট্রাক, একটি প্রাইভেটকার, সাতটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, ছয়টি গরু, এক লাখ টাকার জাল নোট, আইএমইআই নম্বর পরিবর্তনে ব্যবহৃত একটি ল্যাপটপ, নয়টি আইএমইআই পরিবর্তিত চোরাই মোবাইল ফোন এবং মোবাইল ফোনের লক খোলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতি ও অন্যান্য অপরাধে ব্যবহৃত চাপাতি, ছুরি, সুইচ গিয়ার চাকু, তলোয়ার, চাইনিজ কুড়াল, লোহার রড, ড্রিল মেশিন, গ্রাইন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদক ও সব ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় নেই। মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ নির্মূলে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযান ভবিষ্যতেও একই ধারায় অব্যাহত থাকবে।
Asian Barta