
এশিয়ান বার্তা ডেস্কঃ – হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং বাকি আটজনের শরীরে হামের উপসর্গ ছিল।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
গত চব্বিশ ঘণ্টায় নতুন করে এক হাজার একশত ৯২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন একশত ১১ জন। বিগত দুই মাসের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এই সময়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ছয়শত ১১ জনে যার মধ্যে নিশ্চিত রোগী সাত হাজার চারশত ১৬ জন। এই দুই মাসে এ পর্যন্ত ৪০ হাজার একশত ৭৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন। তবে উদ্বেগজনক বিষয় হলো গত দুই মাসে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে।হঠাৎ করে শিশুদের মধ্যে হামের এই ব্যাপক বিস্তার ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় অভিভাবক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। শিশুদের জ্বর, শরীরে লালচে দানা বা র্যাশ এবং সর্দি-কাশির মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্ত এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
Asian Barta