
এশিয়ান বার্তা ডেস্ক:- ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের পোস্টার ছিঁড়ে ফেলা এবং তার কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার (২০-ডিসেম্বর) রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকায় ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের।এ ঘটনায় সাইফুল ইসলামের তিন সমর্থক আহত হয়েছেন। তারা হলেন-বিল্লাল হোসেন, হারুন অর রশিদ ও মো. শাহি। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত হারুন অর রশিদ বলেন, রাতে থানা স্ট্যান্ডে আমরা ৪-৫ জন স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের পোস্টার লাগাতে যাই। এ সময় সেখানে প্রতিমন্ত্রী এনামুর রহমানের গাড়ি আসতেই তার অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে আমাদের ওপর চড়াও হন। কেন পোস্টার লাগাতে এসেছি, তার জন্য আমাদের হুমকি-ধামকি দিতে থাকে তারা। এ সময় ট্রাক প্রতীকের অনেকগুলো পোস্টার তারা ছিঁড়ে ফেলে এবং আমাদের মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর যেন ওইদিকে পোস্টার না লাগাই, হুমকি দেয়। পরে উপজেলা হাসপাতালে আমরা তিনজন চিকিৎসা নেই।
ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,আমার কর্মীদের কাছে যেটা শুনেছি, তারা থানা স্ট্যান্ড এলাকায় যখন পোস্টার লাগাচ্ছিলো, তখন নৌকার প্রার্থী এনামুর রহমান সাহেব গাড়ি থেকে নেমে আমার পোস্টারের কাছে এগিয়ে যান। ওই সময় তার সঙ্গে থাকা শেখ সাঈদ ও তার লোকজন আমার তিন-চারজন কর্মীকে মারধর করে। একজন প্রার্থীর সামনে আরেক প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ঘটনার পরপর পুলিশ সেখানে গিয়ে পোস্টার ছেঁড়া অবস্থায় পেয়েছে। আমি সাভার থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ দেব।
সাভার মডেল থানার ওসি আকবর আলী খান বলেন, “আমি শুনেছি, তবে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Asian Barta