
ফাহাদ-ই-আজমঃ- ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে মাদক ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগের ধারাবাহিক বিশেষ অভিযানে গত ১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার, ডাকাতির সরঞ্জামও জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, এ সময় পৃথক অভিযানে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা, ৬০০ পিস ট্যাপেন্টাডল, ১০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
অভিযানগুলোর মধ্যে ১ আগস্ট সাভার ও আশুলিয়ায় ১৫০ পিস ইয়াবা ও ছয় বোতল ফেনসিডিলসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ৪ আগস্ট সাভারের ভরারী এলাকায় ৫০০ পিস ট্যাপেন্টাডল ও চার বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানে আরও বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি ৫ ও ৬ আগস্ট সাভারে পৃথক অভিযানে সাতজনকে ডাকাত দলের সদস্য হিসেবে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, কাটার, ছুরি, প্লাসসহ বিভিন্ন ধারালো সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
অভিযানের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আমিনবাজার, রেডিও কলোনী, বেদেপাড়া, নবীনগর, জিরাবো, জিরানী, বড়দেশী, ভার্কুতা, মল্লিকারটেকসহ সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় বারবার মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এতে এসব এলাকায় মাদকের খুচরা বিক্রয় ও সরবরাহব্যবস্থার বিস্তৃতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের মতে, শুধু মাদক বহনকারী বা খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার নয়, তাদের পেছনে থাকা সরবরাহকারী ও অর্থের উৎস শনাক্ত করা গেলে মাদকের বিস্তার ঠেকাতে অভিযান আরও কার্যকর হবে।
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলাম বলেন, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদক ও সব ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ নির্মূলে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Asian Barta