
এশিয়ান বার্তা ডেস্ক:- সিলেটের জাফলংয়ে একটি রিসোর্টের পাশ থেকে আল ইমরান (৩২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ইমরান কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার গুরই গ্রামের বাসিন্দা।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা (পরিদর্শক) শ্যামল বণিক বলেন, আল ইমরান তার স্ত্রী খোশনাহারকে নিয়ে জাফলংয়ে ঘুরতে আসেন। সেখানে তারা দুজন বল্লাঘাটের রিভারভিউ হোটেল অ্যান্ড রিসোর্টের ১০১ নম্বর কক্ষে রোববার ওঠেন। সোমবার দুপুর আড়াইটার দিকে ওই রিসোর্টের পাশে আল ইমরানের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্ত্রী খোশনাহার পলাতক আছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
সিলেট জেলা পুলিশের আরেক সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি মো. সম্রাট তালুকদার বলেন, মরদেহের গলায় দাগ আছে। গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরুল কবির মরদেহের সুরতহাল করেন। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
Asian Barta