
এশিয়ান বার্তা ডেস্ক:- গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী শিক্ষার্থী ফেরদৌসকে অপহরণ করে রগ কেটে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা রবিন সরদার ওরফে নুরুজ্জামান সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে গাজীপুর মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (১৪ই-সেপ্টম্বর) গাজীপুর আদালতে তার একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জিএমপি হেড কোয়াটারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন জিএমপির উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান।অপহরণের শিকার আহত ফেরদৌস গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী।
এদিকে গ্রেপ্তার রবিন সরদার ওরফে নুরুজ্জামান সরদারের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইহাট থানাধীন মোল্লাকান্দা গ্রামে। তিনিও গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। তার বিরুদ্ধে অস্ত্র, গণধর্ষণ ও চুরিসহ ২১টি মামলা রয়েছে।
জিএমপির উপ পুলিশ কমিশনার আরও জানান, গত ৩ সেপ্টেম্বর মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া লিংকন কলেজের সামনে থেকে ফেরদৌসকে সহযোগীদের সঙ্গে নিয়ে অপহরণ করে একই পদপ্রার্থী রবিন সরদার। পরে গোপন স্থানে নিয়ে ফেরদৌসের রগ কেটে দেওয়াসহ মারপিট করা হয় ও পিস্তল দিয়ে মাথায় ও শরীরে আঘাত করা হয়। পরবর্তীতে তাকে মহানগরীর হলিল্যাব হাসপাতালের সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ফেরদৌসের মা বাদী হয়ে ৪ সেপ্টেম্বর ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।তিনি জানান, পরে তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম গঠন করে দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সংবাদ পায় যে, মামলার আসামি রবিন সরদার ওরফে নুরুজ্জামান সরদার চট্টগ্রাম জেলায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বাসন থানার একটি টিম চট্টগ্রাম জেলার উদ্দেশে রওনা হয়ে চট্টগ্রাম জেলায় অবস্থান করে এবং বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জানতে পারে যে, আসামি চাট্টগ্রাম হইতে বিমান যোগে ঢাকার উদ্দেশে রওনা করেছে। বাসন থানার অভিযান টিম উক্ত সংবাদ বাসন থানার অফিসার ইনচার্জ মো. আবু সিদ্দিককে অবহিত করলে বাসন থানা পুলিশসহ ডিবি (উত্তর) এর একাধিক অভিযান টিম বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেয় এবং অভিযান পরিচালনাকালে এয়ারপোর্ট আর্মড পুলিশের সহায়তায় আসামি রবিন সরদারকে গ্রেপ্তার করে।পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর আসামিকে থানায় এনে মামলার ঘটনার বিষয়ে এবং ভিকটিমকে পিস্তল দিয়ে আঘাত করার বিষয়ে ও পিস্তলটি কোথায় আছে- সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে রবিন সরদার স্বীকার করে যে, পিস্তলটি বাসন থানাধীন দিঘিরচালা এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উত্তর পাশে পাকড় গাছ সংলগ্ন সুইপার কলোনির পরিত্যক্ত টিনশেড ঘরের টিনের আড়ার ভেতর রয়েছে।পরে পুলিশ রবিন সরদারকে সঙ্গে নিয়ে তার দেখানো স্থান থেকে কালো পলিথিনের ভেতর কালো কাপড়ে মোড়ানো অবস্থায় ৩ রাউন্ড গুলিসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করে।
বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত রবিন সরদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তিনি জানান, তদন্ত কাজের সুবিধার্থে রাতেই তাকে রিমান্ডে আনা হবে।
Asian Barta