
এশিয়ান বার্তা ডেস্কঃ- সাভারে এক কলেজ শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্টুডেন্ট ভাড়া নিয়ে তর্কের জেরে কলেজ শিক্ষার্থীকে মারধর করে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে ১১টি ‘সেলফি’ পরিবহনের বাস আটক করেছেন সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (৬ মে) বিকেলে সাভার সরকারি কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী বাসগুলো আটক করে কলেজ ক্যাম্পাসে নিয়ে রাখেন। আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফি পরিবহন প্রায়ই বেপরোয়া আচরণ করে এবং যাত্রীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ (ইমন) তিনি সাভার সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কলেজের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান জানান, চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র ধামরাই কলেজে হওয়ায় বুধবার দুপুরে ইমনসহ কয়েকজন শিক্ষার্থী সাভার থেকে সেলফি বাসে করে যাচ্ছিলেন। পথে বাসভাড়া নিয়ে কন্ট্রাকটরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের স্টাফরা ইমনসহ ৩-৪ জন শিক্ষার্থীকে মারধর করে চলন্ত বাস থেকে ফেলে দেয়। পরে সহপাঠীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সাভার সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা বলেন, ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ১১টি বাস আটক করেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, সেলফি পরিবহন কর্তৃপক্ষকে ডাকা হয়েছে। তারা এলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
Asian Barta