
ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকাও জব্দ করা হয়।
রোববার (২৬ জুলাই) ভোররাতে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে সাভারের রাজফুলবাড়িয়া কুটিবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সেলিনা (৪০) নামে এক নারীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি আব্দুস সাত্তারের মেয়ে এবং মিন্টু শিকদারের স্ত্রী। পুলিশের দাবি, তার কাছ থেকে ইয়াবা বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
একই সময়ে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় পৃথক অভিযানে মো. কাওসার ইসলাম (২৮) ও মো. সাদ্দাম হোসেন পারভেজ (৩৫)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলাম বলেন, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, মাদক ও সংঘবদ্ধ অপরাধ নির্মূলে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Asian Barta