
এশিয়ান বার্তা ডেস্কঃ- ঢাকার সাভারের রাজাশন ডাইলমোর এলাকায় দুই যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।
রোববার (১৯ জুলাই) রাত প্রায় ৯টার দিকে ইসলাম মাইজভান্ডারী প্রাইমারি স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন সবুজ বাদশা (২৫) ও সজিব বাদশা (২৫)। তারা শহিদুলের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতদের পরিবারের অভিযোগ, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীমের সহযোগীরা হাসানের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। পরিবারের দাবি, কিছুদিন আগে শামীমকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করায় এ হামলার ঘটনা ঘটেছে।
তবে স্থানীয় কয়েকজনের দাবি ভিন্ন। তাদের ভাষ্য, জায়গা-জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে তারা গুরুতর আহত হন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
Asian Barta