
এশিয়ান বার্তা ডেস্কঃ- ঢাকার সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন—মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম রানা (৩৬), মজিবর রহমান (৪৮) ও ১৬ বছর বয়সী এক কিশোর।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশী রানাসহ পাঁচজন ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে এবং বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে শনিবার রাতে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে প্রতিবেশী রানাকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।পরিদর্শক নূর মোহাম্মদ জানান,শনিবার রাতে ভুক্তভোগীর মা চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। তিনি আরও জানান, পরে অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার ২ নম্বর আসামি সাকিব ও অজ্ঞাতপরিচয় আরও একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে চিকিৎসার জন্য ভুক্তভোগী গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
Asian Barta