
ঢাকার ধামরাই উপজেলায় কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিনকে (৩৫) ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।নিহত জুলহাস ওই ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। তিনি বেসরকারি টেলিভিশন বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি ছিলেন।ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, পারিবারিক কলহের জেরে দুপুরের দিকে বারবারিয়া গ্রামের কালি মন্দিরের পাশে এক ব্যক্তি জুলহাসের পেটে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়রা আশঙ্কাজনকভাবে জুলহাসকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
Asian Barta