শনিবার ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৪০
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / লিড নিউজ / ক্যানসারে আক্রান্ত আশরাফের জন্য সাভারে কনসার্ট, সংগ্রহ ১৭ লাখ টাকা

ক্যানসারে আক্রান্ত আশরাফের জন্য সাভারে কনসার্ট, সংগ্রহ ১৭ লাখ টাকা

ফাহাদ-ই-আজমঃ-ক্যানসারে আক্রান্ত সাভার থানা রোডের ক্যাফে মেট্রোর মালিক ও শেফ আশরাফুজ্জামানের চিকিৎসায় সহায়তার জন্য সাভারে অনুষ্ঠিত হয়েছে মানবিক কনসার্ট। কনসার্ট ও সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে তাঁর চিকিৎসার জন্য প্রায় ১৭ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সাভারের তারাপুর মাঠে, এনাম মেডিকেল কলেজের পাশে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। সাভার পৌরসভার মেয়রপ্রার্থী লায়ন মো. খোরশেদের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এবং সাভার থানা রোড ব্যবসায়ী সমিতি ও রেস্তোরাঁ মালিক সমিতি, সাভার উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, কনসার্টে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁদের সহযোগিতায় আশরাফুজ্জামানের চিকিৎসার জন্য প্রায় ১৭ লাখ টাকা সংগ্রহ করা হয়।

আশরাফুজ্জামান বর্তমানে ক্যানসারে আক্রান্ত হয়ে সাভার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় পরিবারের পাশে দাঁড়াতে এ অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুজ্জামানের অসুস্থতার খবর জানতে পেরে সাভার স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান তাঁর চিকিৎসার জন্য সব ধরনের চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন। হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে তাঁর পরিবার।

জানা যায়, কর্মজীবনের শুরুতে আশরাফুজ্জামান সিঙ্গাপুরে চাকরির উদ্দেশ্যে গেলেও সেখানে চাকরি না পেয়ে পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ক্যাফেতে শেফ হিসেবে কাজ করেন। দেশে ফিরে সাভারের থানা রোডে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন ক্যাফে মেট্রো। ধীরে ধীরে স্থানীয়ভাবে খাবারের রেস্তোরাঁ হিসেবে পরিচিতি পায় প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। তিনি বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষের চিকিৎসা থেমে না যায়, সে বিষয়ে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত একজন মানুষের পাশে দাঁড়ানো শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি মানবিক দায়িত্ব। তিনি আশরাফুজ্জামানের চিকিৎসায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়রপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম বলেন, আশরাফুজ্জামানের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সবাই হয়তো বড় অঙ্কের অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন না। তবে যার যতটুকু সামর্থ্য রয়েছে, তা নিয়ে পাশে দাঁড়ালে সম্মিলিতভাবে বড় সহায়তা তৈরি করা সম্ভব। তিনি বলেন, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার চর্চাকে আরও শক্তিশালী করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দীন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামাল বদি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আশরাফুজ্জামানের স্ত্রী আবেগঘন বক্তব্যে তাঁর স্বামীর চিকিৎসায় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, স্বামী ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরের পর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে তিনি কৃতজ্ঞ। তিনি আশরাফুজ্জামানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

কনসার্টে স্থানীয় শিল্পীদের পরিবেশনার পাশাপাশি আশরাফুজ্জামানের চিকিৎসায় সহযোগিতার জন্য মানুষের প্রতি আহ্বান জানানো হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও তাঁর চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*