
ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)-এর ৫ সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রুমা আক্তার বন্যা ঢাকা জেলা ডিবি (উত্তর) কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৯ জুলাই ২০২৫ রাত আনুমানিক ১১টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল হাজী আলাউদ্দিন স্কুলসংলগ্ন এলাকায় তার বাসায় পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি প্রবেশ করেন। তারা নিজেদের ঢাকা জেলা ডিবির সদস্য পরিচয় দিয়ে তার স্বামীকে খুঁজতে থাকেন। স্বামীকে না পেয়ে তারা ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, পরে ভুক্তভোগী স্বজনদের কাছ থেকে ১৫ হাজার টাকা সংগ্রহ করে তাদের দিলে তারা চলে যান। তবে পরে বাসায় ফিরে তিনি দেখতে পান, আলমারিতে থাকা প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং একটি বাটন ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। তার দাবি, ডিবি সদস্যদের চলে যাওয়ার পরই এসব মালামাল নিখোঁজ হয়।
লিখিত অভিযোগে ১/ মো. নাফিউল ইসলাম (৪২), এসআই (নিরস্ত্র), ডিবি (উত্তর), সাভার, ঢাকা। ২/ আব্দুস সালাম (৩২), এএসআই (নিরস্ত্র), ডিবি (উত্তর), সাভার, ঢাকা। ৩/ মো. আইয়ুব আলী (৩২), কনস্টেবল, ডিবি (উত্তর), সাভার, ঢাকা। ৪/ মো. আমিনুল (২৮), পিতা ও স্থায়ী ঠিকানা অজ্ঞাত; এ/পি: সাং-মোজারম্মেল, ইউনিয়ন-শিমুলিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। ৫/ মো. মাহাবুব (৩০), পিতা ও স্থায়ী ঠিকানা অজ্ঞাত; এ/পি: সাং-মোজারম্মেল, ইউনিয়ন-শিমুলিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। ডিবি (উত্তর)-এর পাঁচ সদস্যের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এসআই নাফিউল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলাম বলেন,আমি এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে বিষয়টি শুনেছি। অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Asian Barta