
এশিয়ান বার্তা ডেস্কঃ- মিয়ানমারের নৌবাহিনীরা বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে গুলি চালিয়েছে । এতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে আরো তিনজন।এ সময় পাঁচটি ট্রলারসহ জেলেদের অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী।
৯ অক্টোবর বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় বাংলাদেশের মাছ ধরার ট্রলারে গুলি বর্ষণের এই ঘটনা ঘটে।নিহতরা হলেন মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কম্পানির মালিকাধিন ট্রলারের জেলে। আহত ৩ জেলেও ওই ট্রলারের।তবে তাদের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
ট্রলার মালিকরা জানিয়েছেন, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে।১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তাদের ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ট্রলার মালিকরা।
ট্রলার মালিক সাইফুল বলেন, সাগরে মাছ ধরার সময় হঠাৎ করে মিয়ানমারের নৌ বাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলিবর্ষণ করে। এরপর ৫টি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে নিয়ে মিয়ানমারে নিয়ে যায়। যেখানে তার মালিকানাধীন ট্রলারে গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে একজন মারা যান। বৃহস্পতিবার ওই ট্রলারটি ছেড়ে দিয়েছে। নিহত এবং আহত জেলেদের নিয়ে ট্রলারটি শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা দিয়েছে। তবে এখনও ঘাটে এসে পৌঁছেনি।
ট্রলার মালিক মতিউর রহমান জানান,ধরে নিয়ে যাওয়া ট্রলার ও মাঝি-মাল্লাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।নিহতকে নিয়ে ট্রলারটি ঘাটে পৌঁছলে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, বিষয়টি নানাভাবে শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।
Asian Barta