
ফাহাদ-ই-আজম:- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২২ মে) সাভার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে মিছিলটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। এরপর কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, বঙ্গবন্ধুর সময়েও অনেক ষড়যন্ত্র হয়েছিলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিলো তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো। জননেত্রী শেখ হাসিনার বিরোধীরা, দেশ বিরোধীরা, দেশের উন্নয়ন বিরোধীরা, তাঁরা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আজকে তাঁকে হত্যা করতে চায়, যেটি বিএনপির রাজশাহীর জেলা আহ্বায়ক মুখ ফসকে বলে ফেলেছেন। এ দেশে হত্যার রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না। এ সময় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান রকিব আহমেদ, বনগাঁওর চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের আতিকুর রহমান আতিক, সাভার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈফ আহমেদ নাসিমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা কর্মীরা।
Asian Barta