
ফাহাদ-ই-আজমঃ- সাভারসহ ঢাকা জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলার সরকারি স্বাস্থ্যসেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত উন্নয়ন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্টদের মতে, শিল্পাঞ্চল সাভার ও ধামরাইসহ ঢাকা জেলার এসব উপজেলায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ফলে শয্যা সংখ্যা বৃদ্ধি পেলে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি আরও ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি ও সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
Asian Barta