
ফাহাদ-ই-আজমঃ- আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) গভীর রাতে আশুলিয়া থানার আউকপাড়া আদর্শগ্রামে জাহানারা বেগমের মালিকানাধীন একটি অটো গ্যারেজে এ অভিযান চালানো হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অটো গ্যারেজে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সৈয়দ আলভী (৩০), মো. মামুন (৩৪) ও জহিরুল (২৭) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাঁদের কাছ থেকে কাঠের বাটযুক্ত একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘TTA’ ও ‘ALY’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
Asian Barta