
এশিয়ান বার্তা ডেস্ক: আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন। এ লক্ষ্যে তিনি সাভার উপজেলাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। দলীয় সমর্থন পেলে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তমিজ উদ্দিনের দাবি, গত ১৬-১৭ বছর ধরে তিনি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। রাজপথের আন্দোলনের পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও সম্মুখসারিতে ভূমিকা পালন করেছেন বলে জানান তিনি।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন তমিজ উদ্দিন। মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার চেষ্টা করেছেন বলে দাবি তাঁর।
তিনি জানান, তরুণ সমাজকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চান। পাশাপাশি দুর্নীতিমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে চান।
নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশের পর তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তমিজ উদ্দিন। তাঁর দাবি, ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং একটি গুপ্ত সংগঠনের সঙ্গে জড়িত কিছু মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে।
এসব প্রচারণার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে প্রকাশিত ও প্রচারিত কিছু তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যে অভিযোগের বিষয়ে তাঁকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।
তমিজ উদ্দিন বলেন, “সাভারের মানুষের আমার প্রতি ভালোবাসা ও সমর্থন দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আমাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে সাভার উপজেলাকে নিরাপদ, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তাঁর ভাষ্য, দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে উপজেলা উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা ও জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে চান।
সবশেষে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সাভারবাসীর প্রতি আস্থা প্রকাশ করে তমিজ উদ্দিন বলেন, আমাকে নিয়ে যেসব বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা যাচাই করার দায়িত্ব আমি সাভারবাসীর ওপর ছেড়ে দিলাম বলে এমনটাই প্রত্যাশা করেন।
Asian Barta