
এশিয়ান বার্তা ডেস্কঃ- ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় এক বালু ব্যবসায়ীর কাছে ব্যবসার ৫০ শতাংশ শেয়ার দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ধামরাই উপজেলা ছাত্রদল সভাপতি রাফিজুর ইসলাম রবিনের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী মোস্তফা সাইদুজ্জামান।
লিখিত অভিযোগে জানা যায়, ইসলামপুর এলাকায় নিজস্ব জায়গায় আব্দুল আজিজ ট্রেডিং নামে বালুর ব্যবসা পরিচালনা করেন মোস্তফা সাইদুজ্জামান। তার দাবি, সিয়াম নামে এক ক্রেতার কাছে বালু বিক্রির ৪০ হাজার টাকা প্রায় এক বছর ধরে বকেয়া রয়েছে। গত ৭ জুলাই রাতে পাওনা টাকা পরিশোধের বিষয়ে আলোচনার জন্য সিয়াম তার ব্যবসা প্রতিষ্ঠানে এলে কিস্তিতে টাকা পরিশোধের বিষয়ে উভয়ের মধ্যে সমঝোতা হয়।
অভিযোগ অনুযায়ী, ওই সময় রাফিজুর ইসলাম রবিন সেখানে এসে নিজেকে ধামরাই উপজেলা ছাত্রদল সভাপতি পরিচয় দিয়ে অভিযোগকারীকে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তিনি বালুর ব্যবসা পরিচালনা করতে হলে ব্যবসার ৫০ শতাংশ শেয়ার দাবি করেন। এতে রাজি না হওয়ায় অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে বালুর গদি বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, পরদিন ৮-জুলাই ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে বক্তব্য দিয়ে প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি দেন অভিযুক্ত। একই সঙ্গে অভিযোগকারীর পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয় এবং ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযোগকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে ধামরাই উপজেলা ছাত্রদল সভাপতি রাফিজুর ইসলাম রবিনের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
Asian Barta