
এশিয়ান বার্তা ডেস্ক:- ভারতের রাষ্ট্রদূতকে বলেছি প্রয়োজনে ভিসা সিস্টেমই বাদ দাও। ভারতের সঙ্গে নেপালের ভিসা লাগে না। আমাদের কেন লাগবে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছেন্।
শুক্রবার (৬ অক্টোবর) রাতে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
ভারতে ভিসা পেতে দুর্ভোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন,ভারত আমাদের অনেক ভিসা দেয়। প্রতিদিন প্রায় ৯ হাজার ভিসা ইস্যু হয়। আমি এ বিষয়ে তাদের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। তারা জনবল সমস্যার কথা জানিয়েছে। এটা তারা সমাধানের চেষ্টা করছে। মন্ত্রী বলেন,অচিরেই ঢাকা-গৌহাটি ফ্লাইটও চালু হবে। আমাদের প্রস্তাব ছিল গৌহাটি-সিলেট-ঢাকা ফ্লাইট চালুর। তবে বিমান কতৃর্পক্ষ ঢাকা— গৌহাটি ফ্লাইট চালুর পক্ষে। আশা করছি শীঘ্রই এটি চালু হবে।
সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন,দেশের উন্নয়নে সরকার অনেক প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো শেষ হচ্ছে না।সিলেটের ক্ষেত্রে এটি আরও বড় সমস্যা।সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নয়ন কাজ চলছে অনেক ধীর গতিতে।সিলেট—ঢাকা মহাসড়ক চারলেনে উন্নীতের কাজেও ধীর গতি। কেন এমন হচ্ছে জানি না।বিদেশি ঠিকাদার থাকলে দ্রুত কাজ শেষ হয়ে যায়। কিন্তু দেশি ঠিকাদার হলে কাজ শেষ হতে দেরি হয়।তাই সময়মতো কাজ শেষ করার স্বার্থে প্রকল্প পরিচালককে শাস্তির মুখোমুখি করা প্রয়োজন।বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভারতের সাবেক এমপি স্বপন দাস গুপ্ত, ভারত ফাউন্ডেশনের সদস্য সুরাইয়া দাভাল, ভারতের রাজ্যসভার সদস্য কুমার রঞ্জন সিংপ্রমুখ।
Asian Barta