
এশিয়ান বার্তা ডেস্ক:- গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায়কে খাওয়ানোর ছবি-ভিডিও প্রকাশের ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার প্রমাণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন্।
মঙ্গলবার (১লা-আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের বিচারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপি।মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ শিষ্টাচার জানে না। আওয়ামী লীগের কাছ থেকে ভদ্রতা আশা করা ঠিক না। তারা জন্ম থেকে সন্ত্রাসী দল। প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকারকে পিটিয়ে মেরেছিল তারা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ টানা ৭৩ দিন হরতালের সময় গানপাউডার দিয়ে মানুষ হত্যা করেছিল। লগি-বইঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল। এই রাষ্ট্রকেও সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ।
বিএনপি মহাসচিব নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,আপনারা আরও দৃঢ়প্রতিজ্ঞা নিয়ে ঐক্যবদ্ধ হোন। আমাদের এক কথা এক দাবি, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। উত্তাল আন্দোলনের ঢেউয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার বিএনপির জনসমর্থন দেখে ভয় পেয়েছে৷ এখন তারা অন্য পথে যাওয়ার চেষ্টা করছে। ডিবি কার্যালয়ে খাওয়ানোর ছবি-ভিডিও প্রকাশ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার প্রমাণ।গয়েশ্বর চন্দ্র, আমানউল্লাহ আমানকে নতুন করে দেশপ্রেমের পরিচয় দিতে হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
Asian Barta