
এশিয়ান বার্তা ডেস্ক:- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের কৃষক মোয়াজ্জেম হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চারজনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ মো. নূর ইসলাম এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁপাড়ার আকরাম সাখিদার, মুক্তার হোসেন, এনজার হোসেন ও এনামুল হক।
এ মামলায় পাঁচজন অভিযুক্ত হলেও বিচার চলাকালে হাবেজ উদ্দীন নামে এক আসামির মৃত্যু হওয়ায় তাঁকে এ মামলার অভিযোগ থেকে বাদ দেওয়া হয়।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৭ সালের ১৭ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে আসামিদের অতর্কিত হামলায় কৃষক মোয়াজ্জেমসহ ওই গ্রামের কয়েকজন আহত হন। পরে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিনই নিহত মোয়াজ্জেমের বাবা মোসলেম উদ্দিন আক্কেলপুর থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলায় ওই বছরের ৩০ নভেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানির পর আদালত আজ বৃহস্পতিবার এ রায় দেন।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।
Asian Barta