
ফাহাদ-ই-আজমঃ- সাভার: ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আশুলিয়া থেকে পাকিস্তানের তৈরি একটি রিভলবার ও এক রাউন্ড তাজা গুলিসহ এক যুবককে এবং সাভারের সাদাপুর এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত সোমবার (৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবির একটি দল আশুলিয়ার বাইপাইল ফলের আড়তের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. খোকন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাকিস্তানের তৈরি একটি রিভলবার ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত খোকনের পিতা মইনুল মণ্ডল। তার স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানায় হলেও বর্তমানে তিনি আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় বসবাস করতেন।
অভিযানে নেতৃত্বদানকারী ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, এর ব্যবহার এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত রয়েছে কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।তিনি আরও জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, একই দিনে সাভারের সাদাপুর হেড়ান বাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে উজ্জল শেখ (পিতা: খোরশেদ আলম) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ডিবি (উত্তর) জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Asian Barta