
এশিয়ান বার্তা ডেস্কঃ- সাভারের তেঁতুলঝোড়া নিমেরটেক এলাকায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদ করায় এক ফার্মেসি ব্যবসায়ীর নিজ বাড়ি ও ভাড়া দেওয়া কৃষি সার মজুদের গোডাউনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়ার দোকানপাট ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগী। পাশাপাশি হেমায়েতপুরে গোডাউনে হামলা ও ভাঙচুরের সময় তাঁর বাবাকে জোরপূর্বক গোডাউনের ভেতরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় মো. আফজাল হোসাইন লিটন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের পরও প্রত্যাশিত আইনগত প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—মোছা. তাসলিমা বেগম ওরফে ইয়াবা ভাবী (৪৫), মো. আব্দুল্লাহ ওরফে কালা চাপাতি (২৮), মো. ইমরান (২৫), মো. রোমান ওরফে টেপা রোমান (২২), মো. নজরুল ইসলাম (৩০) ও মো. মোকলেস (৫২)। অভিযোগপত্রে তাঁদের ঠিকানা হিসেবে সাভার থানাধীন নিমেরটেক, ডাকঘর রাজফুলবাড়িয়া, ইউনিয়ন তেঁতুলঝোড়া, ঢাকা উল্লেখ করা হয়েছে। 
অভিযোগকারী আফজাল হোসাইন লিটনের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে তাঁর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এসব ঘটনার পক্ষে সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
লিখিত অভিযোগে বলা হয়, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাসলিমা বেগম, আব্দুল্লাহ ওরফে কালা চাপাতি, ইমরান, রোমান ওরফে টেপা রোমান, নজরুল ইসলাম ও মোকলেসসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নিমেরটেক এলাকায় অভিযোগকারী আফজাল হোসাইন লিটনের নিজ বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ির নিচতলায় থাকা ভাড়াটিয়ার ফার্মেসি ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানের মালামাল ভাঙচুর করা হয়। পরে হামলাকারীরা বাড়ির তৃতীয় তলায় উঠে আসবাবপত্র ও আলমারি তছনছ করেন।
অভিযোগকারীর দাবি, এ সময় আলমারিতে রাখা ব্যবসার নগদ তিন লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যান হামলাকারীরা। স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আব্দুল্লাহ ওরফে কালা চাপাতি সাভারের হেমায়েতপুরের জয়নারবাড়ী এলাকায় আফজাল হোসাইন লিটনের ভাড়া দেওয়া কৃষি সার মজুদের গোডাউনে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় বাদীর বাবাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে গোডাউনের ভেতরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে গোডাউনের শাটার বন্ধ করে দিয়ে দাবিকৃত চাঁদার টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও দাবি করেছেন অভিযোগকারী।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ ছিল। তাঁদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর কেউ কেউ নিজেদের দলীয় পরিচয় পরিবর্তন করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছেন। স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে এলাকায় কিশোর গ্যাং গড়ে তোলা এবং তাদের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চলছে। এমনকি প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগও করেছেন কয়েকজন বাসিন্দা।
ভুক্তভোগী আফজাল হোসাইন লিটনের অভিযোগ, ঘটনার পর তিনি সাভার মডেল থানায় আইনগত সহায়তা চাইতে গেলে প্রত্যাশিত সহযোগিতা পাননি। তাঁর দাবি, থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বিভিন্ন অজুহাতে আপস-মীমাংসার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অপরাধের শিকার হওয়ার পরও যদি থানায় গিয়ে ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা না মেলে, তাহলে সাধারণ মানুষ কোথায় প্রতিকার চাইবে?
অভিযোগকারী জানান, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পরবর্তী সময়ে কার্যকর আইনগত প্রতিকার না পাওয়ায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত তাসলিমা বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিসিটিভি ফুটেজে চাপাতি হাতে উগ্র মেজাজে কথাবার্তা বলার বিষয়টি তিনি স্বীকার করেন। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন। একপর্যায়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগগুলোও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। এ ছাড়া অভিযোগ পাওয়ার পর সাভার মডেল থানা পুলিশ কী ধরনের পদক্ষেপ নিয়েছে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন অভিযোগকারী। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনতে ঢাকা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।