
ফাহাদ-ই-আজমঃ- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন সাভার প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের সাবেক প্রতিনিধি সাংবাদিক নাদিম হোসেন (৪০)। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নাদিম হোসেন। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি বাবা-মা, দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
নাদিম হোসেন এক দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সাভার প্রেস ক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সাভার প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাভার প্রেস ক্লাবের সাংবাদিকরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, নাদিম হোসেন ছিলেন একজন তরুণ, প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর অকাল প্রয়াণ সাভারের সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
শুক্রবার সন্ধ্যায় সাভার প্রেস ক্লাবের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।