
ফাহাদ-ই-আজমঃ- বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের তৃতীয় দিনেও বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্যে, পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করে সাভার উপজেলা আওয়ামী লীগ।
আজ (২-নভেম্বর) বৃহস্পতিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি দীর্ঘ মিছিল ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিন করে।
সমাবেশে ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন সময়ে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ‘দিন বদলের সনদ’ কে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গঠনের এক মহা কর্মযজ্ঞ শুরু করেন। একই সাথে দিকহারা বাংলাদেশ যেন পায় নতুন লক্ষ্য। পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল নির্মাণের মতো বিশাল সব মেগা প্রকল্পের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়ন, প্রতিটি মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া, শক্ত অর্থনীতি তৈরি করা, শতভাগ শিক্ষার হার অর্জন করা, দারিদ্র্য নির্মুল করার মতো জিবনমান উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এক অনন্য মাইলফলক অর্জন করেছে। শুধু উন্নয়ন কর্মকান্ডই নয়, নানান ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগও সামাল দিয়েছেন শেখ হাসিনা। দেশি-বিদেশি ষড়যন্ত্র, ধ্বংসাত্মক রাজনীতি, ঘুর্নিঝড় ফণী, সুপার সাইক্লোন আম্পান এবং সাম্প্রতিক বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মতো সমস্যাগুলোও নিপুণ হাতে সামাল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে টেকসই উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারা রোধ করতে বিএনপি জামাতের সন্ত্রাসীরা আবার আগুন সন্ত্রাস করার চেষ্টা করছে। যা জনসাধারন কখনোই মেনে নেবে না। তিনি আরও বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা রাজপথে সর্বদা প্রস্তুত আছে।
শান্তি ও উন্নয়ন সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, বিএনপি জামাতের লোকজন দেশকে অস্থিতিশীল করতে আবার জনগনকে জিম্মি করতে চায়। জনগন কখনো তাদের দুরভিসন্ধিমূলক কর্মকান্ডকে সমর্থন করে না। শেখ হাসিনার নেতৃত্বে আমরা জনগনের জানমাল রক্ষার জন্য রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। তিনি আরও বলেন,সাভারের মাটি, আওয়ামী লীগ তথা শেখ হাসিনার ঘাটি।সাভারে আওয়ামী লীগ শক্তিশালী অবস্থানে আছে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামী লীগ সব সময় প্রস্তুত আছে। অবরোধের শুরু থেকেই কর্মীরা রাজপথে রয়েছে। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় এনে আমার কর্মীরা ঘরে ফিরবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আরওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক জি,এস মিজান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।