
এশিয়ান বার্তা ডেস্ক:-দলের বড় দুই তারকা সাকিব-মিরাজকে ছাড়াই আবাহনীর বিপক্ষে নামতে হয়েছে মোহামেডানকে। তবুও তীব্র লড়াই করেছে ক্লাবটি। মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে জয়ের আশা জাগিয়েও ইমরুলরা হেরেছে ৮ রানে। রোমাঞ্চকর এই ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আবাহনী। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রানের সংগ্রহ পায় তারা। জবাব দিতে নেমে নির্ধানিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২৫০ রানের বেশি করতে পারেনি মোহামেডান।
টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ রানেই আবাহনী হারায় তিন উইকেট। এরপর আফিফ হোসেনের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন জাকের আলি অনিক। ৪০ বলে ৩৬ রান করে আফিফ আউট হয়ে যান শুভাগত হোমের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ তুলে দিয়ে। ৬ চার ও ১ ছক্কায় ৮২ বলে ৬৩ রান করে জাকের আলিও আউট হন শুভাগত হোমের বলেই। পরে দলের হাল ধরেন মোসাদ্দেক হোসেন। আবাহনী অধিনায়কের ব্যাটে ৩ চার ও সমান ছক্কায় ৭০ বলে আসে ৬৩ রান। মোহামেডানের পক্ষে দুই উইকেট করে নেন মুশফিক হাসান ও শুভাগত।
২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার ইমরুল এবং সৌম্যকে হারায় মোহামেডান। রান করতে পারেননি কামিন্দু মেন্ডিসও। ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে মোহামেডান। পরবর্তীতে দলের হাল ধরেন আরিফুল ইসলাম এবং মাহিদুল ইসলাম অঙ্কন। আরিফুলের সঙ্গে ৭৩ রানের জুটি গড়ে পরিস্থিতি সামলান অঙ্কন। ৫৯ বলে ৩০ রান করে আউট হন আরিফুল।
পঞ্চম উইকেটে অঙ্কনকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন মাহমদউল্লাহ। ১১৩ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৮৮ রান করে অঙ্কন যখন ফিরলেন তখন দলের প্রয়োজন ৮৭ রান। দুই ওভার পরে ফিরলেন মাহমুদউল্লাহও (৫৪)। আরিফুল হক ১৪ বলে তিন ছক্কায় ২৬ রান তুলে আশা জাগান। শেষের ব্যাটাররা মেরে খেলতে না পারায় আবাহনীর কাছে আরও একবার হারের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। ১৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন শুভাগত হোম চৌধুরী।
ব্যাট হাতে ৭০ বলে ৬৩ রানের আক্রমনাত্মক ইনিংসের পর ৮ ওভারে ৫১ রানে ৪ উইকেট দখল করে ক্যারিয়ারের অন্যতম সেরা অলরাউন্ড পারফরমেন্স উপহার দিয়ে ম্যাচ সেরা হন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।