
ফাহাদ-ই-আজমঃ- ঢাকার সাভারের মহাসড়কে ফ্লাইওভার থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগতির বাসচাপায় এক বেল্ট ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকার পুরাতন ওভারব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম হুমায়ুন কবির (৪৫) তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার মোজাফফরের ছেলে এবং সাভারের মজিদপুর এলাকায় থাকতেন। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফুটপাতে বেল্টের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের বিভাজক টপকে এপাশ-ওপাশ যাতায়াত করতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি ব্যবসার কাজে মহসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাভার মডেল থানায় পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে।