
ফাহাদ-ই-আজমঃ- দেশের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের সংকট কাটিয়ে উঠতে বাস্তবভিত্তিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, শুধু রাজনৈতিক বক্তব্য বা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে চায় সরকার। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবাখাতে তৈরি হওয়া সংকট চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানে কাজ চলছে।
শনিবার (১৫-আগষ্ট) দুপুরে সাভারে বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ভবন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. এম এ মুহিত বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মানুষের জন্য কার্যকর ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের বাজেটে দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, পুরোনো ধাঁচের রাজনীতি ও শুধু বক্তব্যনির্ভর কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে সরকার বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনাকে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ সদস্য ও সরকারি কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। যথাসময়ে সরকারি কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরানোই সরকারের অন্যতম লক্ষ্য।
স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। দীর্ঘদিনের অবহেলায় স্বাস্থ্য খাতে যে ঘাটতি তৈরি হয়েছে, সাভারে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ তার একটি গুরুত্বপূর্ণ দিক।
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য সমস্যাকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। অবকাঠামো, চিকিৎসক ও জনবল, হাসপাতাল ব্যবস্থাপনা এবং রোগীদের প্রয়োজনীয় সেবা—সব বিষয়কে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে পরিকল্পনা করতে হবে। সামগ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে দীর্ঘদিনের সংকট কাটিয়ে একটি কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
প্রতিমন্ত্রী বলেন, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতে নতুন অবকাঠামো নির্মাণ এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
পরিদর্শনকালে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. ফজলে বারী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।