
ফাহাদ-ই-আজমঃ- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সাভার উপজেলা গেটসংলগ্ন গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন।
সভায় সভাপতিত্ব করেন সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মাদবর।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়। তারা তাঁর আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন মাদবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান খান নাঈম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামিউল হক সামির, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. ইব্রাহীম মিয়া বাহাদুর এবং সাবেক যুবদল নেতা একেএম মাহবুবুর রহমান খান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছিলেন। এ সময় সাভার পৌর স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।