
ফাহাদ-ই-আজম:- ঢাকার সাভারের হারুরিয়া এলাকায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রোকসানা আক্তার লিমা।
ভুক্তভোগীর অভিযোগ, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়ির জানালার থাইগ্লাস, পানির মোটরসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হারুরিয়া মৌজায় ১৫ শতাংশ জমির মধ্যে সাত শতাংশে নির্মিত বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন রোকসানা আক্তার লিমা। গত বছরের ডিসেম্বর থেকে ওই সম্পত্তিতে উন্নয়নকাজ শুরু করলে প্রতিবেশী শাহাবুদ্দিন, তার ছেলে সাগর, স্ত্রী হাসিনাসহ কয়েকজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে কাজে বাধা দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় ভাঙা কাচের আঘাতে বাড়ির ভাড়াটিয়ার তিন বছর বয়সী ছেলে সাঈদ এবং চার বছর বয়সী মেয়ে আয়াত আহত হয় বলে অভিযোগে বলা হয়েছে। বাধা দিতে গেলে রোকসানা আক্তার লিমা ও তার স্বামী ইউনুস মিয়াকে মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্তদের একজন পটকা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন এবং গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতির হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ফার্মেসি থেকে চিকিৎসা নেন। পরবর্তীতে স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ভুক্তভোগী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।