
ফাহাদ-ই-আজমঃ- বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি’র আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।
রোববার (১৯-জুলাই) দুপুরে সাভারের বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ গ্রাহকরা বিক্ষোভ মিছিল নিয়ে তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা দ্রুত গ্যাস সংকট নিরসনের দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত প্রায় দুই মাস ধরে নিয়মিত গ্যাস সরবরাহ না থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবার বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন, আবার অনেকে বিকল্প হিসেবে কাঠের চুলায় রান্না করছেন। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
পরে বিক্ষোভকারীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (গাজীপুর) প্রকৌশলী এম.ডি. সাখাওয়াত হোসেনের কাছে একটি স্মারকলিপি দেন। এতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (গাজীপুর) প্রকৌশলী এম.ডি. সাখাওয়াত হোসেন বলেন, গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।