
এশিয়ান বার্তা ডেস্ক:- সাভার পৌর এলাকার একটি কবরস্থান থেকে আদালতের নির্দেশে দাফনের ২২ দিন পর জামাল হোসেন নামের এক ব্যবসায়ীর মরদেহ উত্তোলন করেছেন পুলিশ।
রোববার (৮ অক্টোবর) সকালে সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূরের উপস্থিতিতে কবর থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে ওই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হলে পুলিশকে না জানিয়ে দাফন করা হয়। পরে পরিবার থেকে অভিযোগ করা হয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। উত্তোলনের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লাহ বিশ্বাস (মামলার তদন্তকারী) জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিততে মরদেহ উত্তোলন করা হয়। এটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।