
এশিয়ান বার্তা ডেস্ক:- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্নেডোর আঘাতে অন্তত ২০টি কাঁচা টিনশেড ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় বেশ কিছু গাছ উপড়ে যায় ও ভেঙ্গে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের লাল মিয়া পাড়া গ্রামের মেরাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল জানান, সকাল থেকেই ভারী ও মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে। দুপুরে হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। মুহূর্তেই এলাকার অন্তত ২০টি কাঁচা টিনশেডের ঘরে আঘাত করে। এর ফলে ৭ থেকে ৮টি বসতঘরসহ অন্তত ১২টি বিভিন্ন ধরণের দোকানপাট লণ্ডভণ্ড হয়। এ ছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন হয়ে পড়েছে। পাশাপাশি ৩টি গাছ মাটি থেকে উপড়ে পড়াসহ বিভিন্ন গাছের ঢালপালা ভেঙে বাড়ি ঘরের উপরে পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। দ্রুতই প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।