
ফাহাদ-ই-আজমঃ- সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সভাপতি নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জারি করা আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আদেশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ৭ ধারার বৈধতা চেয়ে রুল জারি করেছেন আদালত।
সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার নূর উল মতিন।আদালতের আদেশ অনুযায়ী, গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত সভাপতি পরিবর্তনের আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর হবে না।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে অনুযায়ী তার দায়িত্বের মেয়াদ ২০২৭ সালের ২৪ এপ্রিল পর্যন্ত থাকার কথা। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় আট মাস আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক আদেশে তার পরিবর্তে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
এ আদেশের বিরুদ্ধে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শকের কাছে আইনি নোটিশ পাঠান ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। পরে সন্তোষজনক সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজ পরিদর্শক এবং কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবেদনে দাবি করা হয়, চলমান গভর্নিং বডির মেয়াদ বহাল থাকা অবস্থায় সভাপতির মনোনয়ন পরিবর্তন আইনসম্মত নয়। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ৭ ধারার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।
শুনানি শেষে হাইকোর্ট সভাপতি পরিবর্তনের আদেশের কার্যকারিতা স্থগিত করেন এবং সংশ্লিষ্ট আদেশ ও বিধানের বৈধতা বিষয়ে রুল জারি করেন।
রিট আবেদনকারী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে কোনো কারণ দর্শানোর সুযোগ না দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার দাবি, এ সিদ্ধান্ত আইনসম্মত নয় এবং এতে তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
তবে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট অন্য কোনো বিবাদীপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।