
এশিয়ান বার্তা ডেস্ক:- ঘটনার ১১ মাস পরও ৯ হাজার ৯০৬ কার্টন পণ্য থেকে এখনো ধোঁয়ার গন্ধ বিদ্যমান। অক্ষত কিন্তু ব্যবহার উপযোগী এসব পণ্যের মূল্য ৬ লাখ ৭০ হাজার ৩৮৫ ডলার। ধোঁয়ায় আংশিক ক্ষতি হয়েছে ৮৭৯ কার্টন পণ্য যার মূল্য ৯৭ হাজার ৪৬৩ ডলার।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই কোটি ডলার সমমূল্যের (২১২ কোটি টাকা) রপ্তানি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএম ডিপোতে সংঘটিত অগ্নিকাণ্ডের ফলে রপ্তানি পণ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ বিষয়ক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২২ সালের ৪ জুন রাতে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিবেদনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, আংশিক ক্ষতিগ্রস্ত ও অক্ষত-এ তিন ভাগে রপ্তানি পণ্যের ক্ষয়ক্ষতির হিসাব করা হয়েছে। এ তদন্ত প্রতিবেদনের ফলে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকরা ইনস্যুরেন্সসহ বিভিন্ন খাতে আর্থিক সহায়তা পেতে পারেন বলে বলছেন সংশ্লিষ্টরা।
তদন্ত প্রতিবেদন তৈরিতে চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুশফিকুর রহমানকে আহ্বায়ক ও উপ-কমিশনার মো. শরফুদ্দিন মিঞাকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। অন্যরা হলেন বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিএম কন্টেইনার ডিপোর উপ-ব্যবস্থাপক মো. নুরুল আক্তার, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকড়া) মহাসচিব মো. রুহুল আমিন শিকদার, ঢাকা কাস্টম বন্ড কমিশনারেটের উপ-কমিশনার কাজী রায়হানুজ্জামান ও চট্টগ্রাম কাস্টম বন্ড কমিশনারেটের উপকমিশনার মো. কাউছার আলম পাটোয়ারী। প্রতিবেদনে বলা হয়, আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, আংশিক ক্ষতিগ্রস্ত, সম্পূর্ণ অক্ষত ও গেট আউট রপ্তানিতব্য পণ্যের পরিমাণ ছিল ৫ কোটি ৭ লাখ ১৪ হাজার ৩৪ ডলার। এসব পণ্যের বিপরীতে প্রস্তুত হয়েছে ২৬৮৯টি শিপিং বিল।
এতে সিএফএস-১ এ (সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত) পণ্য ছিল ১ লাখ ২৬ হাজার ৬২৪ কার্টন পণ্য, স্টাফড কন্টেইনার (সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত) ১ লাখ ৫ হাজার ৭৬৮ কার্টন পণ্য, স্টাফড কন্টেইনার (আংশিক ক্ষতিগ্রস্ত) ১০ হাজার ৭৮৫ কার্টন পণ্য , সিএফএস-২ (সম্পূর্ণ অক্ষত) ৬৩ হাজার ৯২৭ কার্টন পণ্য, স্টাফড কন্টেইনার (সম্পূর্ণ অক্ষত) ৩ লাখ ৬৪ হাজার ৬২৬ কার্টন পণ্য ও অক্ষত পণ্যবাহী কাভার্ড ভ্যানে ছিল ১০ হাজার ৪৭ কার্টন পণ্য। প্রতিবেদনে বলা হয়, সিএফএস-১ শেডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পণ্যের ইনভয়েস মূল্য ১ কোটি সাত লাখ ৭৮ হাজার ১০৩ ডলার। স্টাফড কন্টেইনারে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পণ্যের ইয়েস মূল্য ৭৮ লাখ ১৫ হাজার ৫১৭ ডলার। স্টাফড কন্টেইনারে আংশিক ক্ষতিগ্রস্ত পণ্যের ইনভয়েস মূল্য ৭ লাখ ৭০ হাজার ৮৪৮ ডলার। সিএফএস-২ শেডে মজুদকৃত ৬২ লাখ ৩২ হাজার ১৭১ ডলারের পণ্য সম্পূর্ণ অক্ষত। স্টাফড কন্টেইনারে ২ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৭৪২ ডলারের পণ্য সম্পূর্ণ অক্ষত অবস্থায় দেখানো হয়েছে। এছাড়া পণ্যবাহী কাভার্ডভ্যানের ২৬ লাখ ২০ হাজার ৬৫০ ডলারের পণ্য অক্ষত দেখানো হয়েছে।