
ফাহাদ-ই-আজম:- সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ২৫ জন শ্রমিক। বমি ও মাথা ঘোরাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার ম্যাকপাই কম্পোজিট নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে স্বাভাবিক নিয়মে শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল ১০টার পর কয়েকজন শ্রমিকের বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই আরও কয়েকজন একই ধরনের উপসর্গে আক্রান্ত হন। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের দ্রুত সাভারের ল্যাবজোন হাসপাতালে পাঠায়।
অসুস্থ শ্রমিক রুপালী বেগম বলেন, কাজ চলাকালে প্রথমে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে আরও অনেকের একই সমস্যা দেখা দিলে তাদের হাসপাতালে নেওয়া হয়।
ল্যাবজোন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল আহাদ জানান, সকাল ১০টার পর নারী-পুরুষ মিলিয়ে ২৫ জন পোশাক শ্রমিক হাসপাতালে ভর্তি হন। তাদের অধিকাংশের বমি ও মাথা ঘোরার উপসর্গ ছিল। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বেশির ভাগই শঙ্কামুক্ত।
কারখানাটির ফায়ার সেফটি কর্মকর্তা নাহিদ হাসান বলেন, সোমবারও কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করায় তাদের ছুটি দেওয়া হয়েছিল। মঙ্গলবার সকালে কাজে যোগ দেওয়ার পর আবারও কয়েকজন একই ধরনের উপসর্গে আক্রান্ত হন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।
শ্রমিকদের হঠাৎ অসুস্থ হওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।