
এশিয়ান বার্তা ডেক্স:- বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘আশা’র ঢাকা বিভাগের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সংস্থার বিভিন্ন পর্যায়ে পুনর্বাসনের চেষ্টা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর সংস্থাটির ঢাকা বিভাগের ম্যানেজার সাজেদুল ইসলাম চৌধুরী ও অতিরিক্ত বিভাগীয় ম্যানেজার কামরুল হাসানের দিকে।
সংস্থার একাধিক সূত্র ও মাঠপর্যায়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর দাবি, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও অভিযুক্ত দুই কর্মকর্তা ঢাকার শ্যামলী, মোহাম্মদপুর ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা ও প্রভাব ধরে রাখার লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, তাদের প্রভাবে সংস্থার কিছু কর্মকর্তা-কর্মচারী গ্রাহকদের সঙ্গে অনিয়ম ও অসদাচরণে জড়িয়ে পড়ছেন। পাশাপাশি সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও তোলা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আরও অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের এক সাবেক প্রভাবশালী সংসদ সদস্যের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় অভিযুক্ত কর্মকর্তারা সেই প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন এলাকার বিতর্কিত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তবে এ অভিযোগের পক্ষেও স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আশা’র ঢাকা বিভাগের ম্যানেজার সাজেদুল ইসলাম চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের এমন অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংস্থার সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে তারা আশা’র কেন্দ্রীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।